বিশ্বজুড়ে বাংলাদেশী বিনোদন কন্টেন্ট পৌঁছে দেবে জিফাইভ
বিশ্বজুড়ে দর্শকদের কাছে বাংলাদেশী বিনোদনমূলক কনটেন্ট পৌঁছে দেয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বজুড়ে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ।
বুধবার (৩ জুলাই) রাজধানীর এক হোটেলে রবি আজিয়াটা লিমিটেডের সাথে এক যৌথ সংবাদ সংম্মেলনে এ ঘোষণা দেয় প্ল্যাটফর্মটি।
বাংলাদেশের শিল্পী ও নির্মাতাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং এর মাধ্যমে এদেশের কনটেন্টগুলো বৈশ্বিক দর্শকদের হাতে পৌঁছে দেয়ার পরিকল্পনার কথা জানান জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ। রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে সেবাটি উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
তিনি জানান, আগামী এক বছরে বাংলা ভাষায় ছয়টি মেগা প্রকল্প নিয়ে কাজ করবে জিফাইভ। এর আওতায় এদেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে কাজ করবে প্ল্যাটফর্মটি। পাশাপাশি জিফাইভ অরিজিনালের নতুন কনটেন্টগুলোর জন্য তরুণ শিল্পীদের খুঁজে পেতে একটি ট্যালেন্ট হান্ট প্রোগ্রামেরও আয়োজন করবে তারা। রবি আজিয়াটা লিমিটেডের সহযোগিতায় এ ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের আয়োজন করবে জিফাইভ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জি ইন্টারন্যাশনাল ও জিফাইভ গ্লোবালের সিইও অমিত গোয়েনকা, রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব এবং চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, জি বাংলা’র ‘সা রো গা মা পা’ মাতানো বাংলাদেশী গায়ক মঈনুল হাসান নোবেল এবং জনপ্রিয় ড্রামা সিরিয়াল বকুল কথা’র মূল ভূমিকায় অভিনয় করা নন্দিত অভিনেত্রী উষসী রায়, জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, র্যাম্প মডেল ও অভিনেত্রী আইরিন সুলতানা এবং টেলিভিশন উপস্থাপক, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, রবি ও এয়ারটেল গ্রাহকরা জি’ফাইভ’র কনটেন্ট উপভোগ করতে দৈনিক বা সাপ্তাহিক সাবসস্ক্রিপশন প্যাকের যে কোন একটি গ্রহণ করে একই সাথে পাঁচটি ডিভাইস-মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, স্মার্ট টিভি ইত্যাদির মাধ্যম জিফাইভ’র বিনোদনমূলক কন্টেন্ট উপভোগ করতে পারবেন।
দৈনিক প্যাকের মূল্য ৭ টাকা এবং সাপ্তাহিক প্যাকের মূল্য ৪৫ টাকা। এই অংশীদারিত্বের মাধ্যমে রবি ও এয়ারটেল গ্রাহকরা তাদের মোবাইলের প্রি-পেইড ব্যালেন্স থেকে এবং পোষ্ট-পেইড গ্রাহকরা মাসিক বিলের সাথে অন্তর্ভূক্ত করে জিফাইভের সাবসস্ক্রিপশন ফি সহজেই পরিশোধ করতে পারবেন।